ভোট গ্রহণ শেষ। বাংলাদেশের ইতিহাসে মাইলফলক এই নির্বাচনে আগামী শনিবারের (১৪ ফেব্রুয়ারি) মধ্যে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে বলে জানালেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ২০২৬ সালের রমজান মাস ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়ার প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী রোজার আগেই নতুন সরকার গঠনের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। আইন উপদেষ্টা বলেন, ফলাফলের গেজেট প্রকাশ হওয়ার পর যতো দ্রুত সম্ভব সংসদ সদস্যদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হবে।
ড. আসিফ নজরুল বলেন, ১৩ ফেব্রুয়ারি রাতে না হলেও ১৪ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের গেজেট প্রকাশ হবে। গেজেট নোটিফিকেশনের তিন থেকে চার দিনের মধ্যে সংসদ সদস্যরা শপথ নেবেন। এমনকি এর আগেই কাজ সম্পন্ন হতে পারে।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, ইলেকশন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি এই নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক শাসনের সূচনা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ দেশজুড়ে ‘জুলাই জাতীয় সনদ’ বা জুলাই চার্টার অনুমোদনের লক্ষ্যে গণভোট হল আজ।

0 Comments