ভোটের সময় যেকোনো পরিমাণ টাকা বহনে বাধা নেই জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, সোর্স ও ব্যবহারের বৈধ খাত দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনে ও সমস্যা নেই। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের সময় টাকা পরিবহনের সময়সীমা নিয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। বৈধ উৎস এবং ব্যক্তিগত ব্যবহারের শর্ত জানিয়ে ইসি সচিব বলেন, টাকা যদি বৈধ হয় এবং এর উৎস বৈধভাবে দেখানো যায়, তাহলে কোনো নির্দিষ্ট সীমা নেই। ব্যক্তিগত কাজে যত খুশি টাকা বহন করা যাবে। এর আগে গণমাধ্যম কর্মীরা ইসি সচিবের নিকট নির্বাচন কালীন সময়ে টাকা বহনের বৈধতার পরিমাণ সম্পর্কে জানতে চান। ইসি সচিব বলেন, টাকা যদি ভোটে কাউকে প্রভাবিত করার কাজে ব্যবহার করা হয়, সে বিষয়টি দেখবে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি’। টাকা যদি অবৈধ হয়, তাহলে সে ক্ষেত্রে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।