ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী। ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও রিজার্ভ ফোর্সের পাশাপাশি বিশেষায়িত বোম্ব ডিজপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান মাঠে মোতায়েন থাকবে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। ডিএমপির উপ-পুলিশ কমিশনার বলেন, নির্বাচন উপলক্ষে ঢাকায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য নির্বাচনের বিভিন্ন দায়িত্বে মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো ধরনের আশঙ্কা নেই, তবুও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের আশ্বস্ত করার কথা জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবেন। পুলিশ আপনাদের পাশে রয়েছে। কোনো হুমকি বা ঝুঁকির আশঙ্কা করছেন কিনা, সাংবাদিকদের এমন প্রসঙ্গ নাচক করে দিয়ে জবাবে পুলিশের এই কর্মকর্তা বলেন, সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

0 Comments