দেশের ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে অতীতের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক, সাংবাদিক ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ঢাকায় আসেছেন এবার। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ নির্বাচন পর্যবেক্ষণে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন ৩৯৪ পর্যবেক্ষক সহ ৫৯৫ আন্তর্জাতিক ব্যক্তিত্ব — যা গতবারের চেয়ে প্রায় দ্বিগুণেরও বেশি। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আগত ৩৯৪ পর্যবেক্ষকদের মধ্যে ৮০ জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। স্বতন্ত্র ইউরোপীয় পর্যবেক্ষকসহ অন্যান্য দ্বিপক্ষীয় দেশসমূহ থেকে এসেছেন ২৪০ জন। এছাড়া বিভিন্ন বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৫১ জন ব্যক্তি নিজস্ব সক্ষমতায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। পর্যবেক্ষক পাঠানো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর মধ্যে রয়েছে—এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (এএনএফরেল) থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে ২৭ জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) থেকে ১৯ জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) থেকে একজন। এছাড়া ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি) থেকে দুজন করে এবং ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস থেকে একজন প্রতিনিধি এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ২১টি দেশ থেকেও পর্যবেক্ষকরা এসেছেন। এর মধ্যে রয়েছে জাপান (৪), দক্ষিণ কোরিয়া (২), শ্রীলঙ্কা (১১), নেপাল (১), পাকিস্তান (৮), ইন্দোনেশিয়া (৩), ভুটান (২),ফিলিপাইনস (২), তুরস্ক (১৩), ইরান (৩), মালয়েশিয়া (৬), জর্ডান (২), চীন (৩), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (২), দক্ষিণ আফ্রিকা (২) ও নাইজেরিয়া (৪), জর্জিয়া (২), রাশিয়া (২)। এছাড়া সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ভয়েস ফর জাস্টিস, এসএনএএস আফ্রিকা ও পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা ব্যক্তিগত উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

0 Comments