অনেক শঙ্কা-উদ্বেগের মধ্য দিয়ে অবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে ভোট দেবেন প্রায় পৌনে ১৩ কোটি ভোটার। ভোটার সংখ্যায় নারীদের চেয়ে পুরুষরা এগিয়ে। আর প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ৩৪ জন প্রার্থী । এবার সর্বোচ্চ সংখ্যক প্রার্থী দিয়েছে বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানাগেছে, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার।এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন। পরিসংখ্যান অনুযায়ী, নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৯ হাজার ৬২৯ জন বেশি। সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)। এদিকে, নির্বাচন কমিশনের নির্বাচন সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব মো: সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। মোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ২৭৫ জন। কমিশনের তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে সর্বাধিক প্রার্থী ২৯১ জন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮ জন প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়েছে ২২৯ জন, জাতীয় পার্টি ১৯৮ জন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২ জন প্রার্থী দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।

0 Comments