রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকাল পত্রিকার প্রবীণ সাংবাদিক আলী মাহমুদের (৭০) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ( ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শাহবাগ থানা পুলিশ প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “তিনি (আলী মাহমুদ) গতকাল প্রেসক্লাবে এসেছিলেন, পরে ওয়াশরুমে গিয়ে আর বের হননি। আমরা খবর পেয়ে পরিবারের উপস্থিতিতে ওয়াশরুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছি। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন।” প্রেস ক্লাব সূত্রে জানা গেছে, উদ্ধারের পর আলী মাহমুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বর্ষীয়ান সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ে আছেন। তার স্ত্রী জেসমিন আরা বলেন, “রাতে উনি (আলী মাহমুদ) বাসায় ফেরেনি। আমরা চিন্তায় ছিলাম। সকালে তার খোঁজ নিতে আমি জাতীয় প্রেস ক্লাবে যাই। সেখানে কিছুক্ষণ থাকার পরে ক্লাবের পরিচ্ছন্নতা কর্মী খবর দেন যে, "ওয়াশ রুমে উনার দেহ অবচেতন অবস্থায় পড়ে আছে।” মরদেহের ময়না তদন্ত করা হবে কী না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, “ওনার স্ত্রী-সন্তানরা কী বলে সেটার ওপর নির্ভর করছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

0 Comments