আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শেষ লগ্নে এসে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের বিষয়টি সর্বাপেক্ষা চর্চিত হচ্ছে। রাজনৈতিক দল ও বিভিন্ন স্টেকহোল্ডারদের প্রতিবাদের মুখে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশন পিছু হটলেও ভোট (গোপন) কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করার অনুমোতি থাকছেনা একেবারেই। এটা সকলের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, সাংবাদিক, পর্যবেক্ষক, প্রার্থী ও ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন- (ক) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার; (খ) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ; (গ) ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুইজন আনসার সদস্য; (ঘ) নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক; এবং (ঙ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং ভোটার। তবে ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

0 Comments